Header Ads

Header ADS

নড়িয়ায় মাওলানা হোসাইনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইনের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আলেম-ওলামা ও সচেতন মুসলিম সমাজের প্রতিনিধিরা।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে নড়িয়া থানা গেইটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মাওলানা হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তাঁর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, আবার কোনো অভিযোগও যেন উপেক্ষিত না থাকে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে মাওলানা হোসাইনের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) কে গত ১২ অক্টোবর সোমবার দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেন। পরদিন মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

তবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে অংশগ্রহণকারীরা মামলাটিকে মিথ্যা দাবি করে এর প্রত্যাহার এবং মাওলানা হোসাইনের মুক্তির দাবি জানান।

No comments

Powered by Blogger.